অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে জামালপুরের বকশীগঞ্জ সীমান্তবর্তী পিলারের কাছ থেকে খোকন গাজী (৩১) ও সোহেল রানা (৩২) নামে দুই বাংলাদেশীকে আটক করেছে ৩৫ বিজিবির সদস্যরা। বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের মাজার টিলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে ৩৫ বিজিবির নায়েক সুবেদার মানিক মিয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবির হাতে আটক খোকন গাজী ভোলা জেলার সদর উপজেলার বেদুরিয়া গ্রামের বাসিন্দা ও সোহেল রানা ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার এলংজানী গ্রামের বাসিন্দা।
জানা যায়, কাজের উদ্দেশ্যে ওই দুই বাংলাদেশী বুধবার রাতে বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ১০৮৬ নম্বর পিলারের কাছে মাজার টিলা এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় জামালপুর ৩৫ বিজিবির সাতানীপাড়া বিওপির টহলরত সদস্যদের সন্দেহ হলে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় ২টি আধার কার্ড, ৩ টি মোবাইল, ৫ টি মোবাইল সিম কার্ড, দুটি চার্জার ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়। পরে বকশীগঞ্জ থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির হাতে আটক দুই বাংলাদেশীর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।