এনসিপির দাবির জন্য নির্বাচনে ব্যত্যয় ঘটবে না: রিজওয়ানা

এনসিপির দাবির জন্য নির্বাচনে ব্যত্যয় ঘটবে না জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এনসিপির দাবি হলো তাদের দলের অবস্থান থেকে রাজনৈতিক দাবি। তারা তাদের রাজনৈতিক দাবি কিভাবে আদায় করবে, কিভাবে নিষ্পত্তি করবে, এটা এনসিপি বুঝবে। এর সঙ্গে সরকারের নির্বাচন সংক্রান্ত যে ঘোষণা, সেটার ব্যত্যয় ঘটার আমি কোনো কারণ দেখছি না।

আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনে অংশ না-ও নিতে পারে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এতে নির্বাচনের যে প্রতিশ্রুতি সরকারের, তাতে প্রভাব পড়বে কি না জানতে চান সাংবাদিকরা।

রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সেভাবে সরকারের কথাবার্তা বলার সুযোগ নেই। সরকার বলবে নির্বাচন কখন হবে, সেই অনুযায়ী তারা নিশ্চয়ই প্রস্তুতি নেবে। আর এনসিপির এটি রাজনৈতিক অবস্থান। আমরা আসলে আপনার মুখ থেকেই শুনলাম— সকাল থেকে তো কেবিনেট মিটিংয়েই ছিলাম। আমি মনে করি না— এই দাবি কেবিনেটে আলোচনার কোনও বিষয়।