দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৭:১৩ পিএম

দল থেকে বহিষ্কৃত দুই নেতাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এই দুই নেতা হলেন ঢাকা মহানগর দক্ষিণের নিউমার্কেট থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী এবং ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানার অন্তর্গত ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম গোলাম মোস্তফা মাস্টার।

আজ বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক পত্রে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের নিউমার্কেট থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী এবং ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানার অন্তর্গত ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম গোলাম মোস্তফা মাস্টারকে দলীয় সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে আজ তাদের সেই আদেশ প্রত্যাহার করা হলো।

এতে আরো উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসৎ আচরণ ও অনৈতিক কার্যকলাপের কারণে গাইবান্ধা জেলাধীন সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপকে ৩ দিনের সময় দিয়ে লিখিত জবাব দেওয়ার জন্য কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত