গাইবান্ধায় মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

গাইবান্ধায় মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশে দিয়েছেন আদালত। একই মামলার অপর দুই আসামিকে খালাস দিয়েছেন বিচারক। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো আতিকুর রহমান এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে সোহেল রানা (৪১), একই গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (৩৭), একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (৩২)।

এদিকে একই মামলার খালাসপ্রাপ্ত অপর দুই আসামিরা হলেন শরিফুল ইসলাম (৪৬) ও আনারুল ইসলাম। রায় ঘোষাণার সময় তারা আদালতে ছিলেন না।

মামলা সূত্রে জানা গেছে, র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পর উপ পরিদর্শক (এসআই) আব্দুল কাদের ২০২১ সালের ১৬ জুলাই গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাদকদ্রব্য নিয়ে চাপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছে একটি ট্রাক। পরে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ এলাকার বিনিময় প্রেট্রোল পাম্পের সামনে চেকপোস্ট বসানো হয়। পরে কয়েকটি ট্রাক আটকে তল্লাশি করা হয়। এ সময় একটি ট্রাকের কেবিনের ভিতর থেকে পলিথিন মোড়ানো ৫৯০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় এসআই বাদী হয়ে এ পাঁচজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদুর রহমান বিশ্বাস রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আদালত তিনজনকে দোষী সাব্যস্ত করেন। পরে বিচারক তাদের বিরুদ্ধে এ রায় দেন। রায়ের পর আসামিদের জেলহাজতে পাঠানো হয়।