২০২৪ সালে আইডিএলসির নিট মুনাফা বেড়েছে ৫৩%

২০২৪ সালে ১৬৭ কোটি ৩০ লাখ টাকার একক (স্ট্যান্ড্যালোন) কর পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে আইডিএলসি ফাইন্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একত্রিত (কনসোলিডেটেড) কর পরবর্তী নিট মুনাফার পরিমাণ পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৩২ দশমিক ৩২ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০০ কোটি ২৮ লাখ টাকায় দাঁড়িয়েছে। শেয়ার প্রতি আয়ও ৩ টাকা ৬৪ পয়সা থেকে বেড়ে ৪ টাকা ৮২ পয়সা হয়েছে। গ্রাহকের আমানত বৃদ্ধি পেয়ে মোট ৮ হাজার ৩৯১ কোটি টাকায় দাঁড়িয়েছে, পাশাপাশি গ্রুপটি সাফল্যের সঙ্গে ১১ হাজার ৩৯৭ কোটি টাকার লোন পোর্টফোলিও ধরে রেখেছে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যবসার লাভজনকতা ও শেয়ারহোল্ডার মূলধনের যথাযথ উপযোগিতা নিশ্চিতের মাধ্যমে আইডিএলসির রিটার্ন অন এক্যুইটি (আরওই) বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৩৩ শতাংশে। অন্যদিকে রিটার্ন অন অ্যাসেটস (আরওএ) বেড়ে ১ দশমিক ৩৫ শতাংশ হয়েছে, যা প্রতিষ্ঠানের মূল সম্পদের কার্যকরী ও লাভজনক ব্যবহারের প্রমাণ।

উল্লেখিত বছরে ১০৬ দশমিক ১১ শতাংশ মন্দ ঋণের কভারেজ অনুপাতসহ আইডিএলসির মন্দ ঋণের (এনপিএল) অনুপাত ছিল ৪ দশমিক ৪৫, যা প্রতিষ্ঠানটির আগের বছরের অনুপাতের তুলনায় কম এবং আর্থিক খাতের গড়ের তুলনায়ও উল্লেখযোগ্যভাবে কম। এটি আইডিএলসির দক্ষ ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনার পরিচয় দেয় এবং দীর্ঘমেয়াদি আর্থিক প্রস্তুতি বজায় রাখার ক্ষেত্রে আইডিএলসির দৃঢ় প্রতিশ্রুতি তুলে ধরে।

আইডিএলসির পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড এবং আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ২০২৪ সালেও নিজেদের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে, যা আইডিএলসি গ্রুপের সাফল্যে অবদান রেখেছে।