সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
আজ শুক্রবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর পল্টন মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আজিজুল হক সুমন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরা এলাকা থেকে মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম। তেজগাঁও এলাকার একটি বাসা থেকে ডিবির অপর একটি টিম পৃথক অভিযান চালিয়ে অ্যাডভোকেট আনিসুর রহমানকে গ্রেফতার করে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৬ এপ্রিল পল্টন মডেল থানাধীন জাতীয় স্টেডিয়ামে ১ নম্বর গেইটে বিপরীত পাশে শহীদ আবরার হোসেন এভিনিউয়ের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠন নিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করার উদ্দেশ্যে সমবেত হয়ে পরস্পর যোগসাজশে একত্রিত হয়ে দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট করার জন্য সরকার বিরোধী শ্লোগান দিয়ে সমাবেশ আয়োজনের চেষ্টা করছিল। এ ঘটনায় পল্টন মডেল থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।