সাকিব জেনেবুঝে আ.লীগে যোগ দেন : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান ক্রিকেট খেলায় নিজেকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গেছেন। আবার সেই সাকিব আল হাসান কীভাবে আওয়ামী লীগ দলের হয়ে নির্বাচন করেন। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী খুন, গুম, ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত। জেনেবুঝে একজন বিশ্বসেরা ক্রিকেটার হয়ে তিনি কীভাবে আওয়ামী লীগে যোগদান করেন।

গতকাল শুক্রবার দুপুরে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপি নেতা ইলিয়াস আলীর কথা স্মরণ করিয়ে প্রেস সচিব বলেন, ‘তিনি ২০১২ সালে গুম হয়েছেন। ২০১৮ সালের নির্বাচন কীভাবে হয়েছিল সাকিব আল হাসান ভালোভাবে জানতেন।’    

শফিকুল আলম আরও বলেন, ‘তামিম ও মুশফিকও আইকন ছিলেন। তারা কেন তখন দলে যোগদান করলেন না? একজন আইকনের নিজস্ব স্বার্থ নেই?’ প্রেস সচিব বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলন সারা দেশের মতো মাগুরায় হয়েছে। আন্দোলনে নির্মমভাবে তিন-চারটা ছেলে মারা গেছে। সাকিব তো মাগুরার সংসদ সদস্য ছিলেন। তিনি কি আন্দোলনে নিহত মানুষের কথা জানতেন না? সাকিব কি কখনো বলেছেন, আমি সরি। আমার নির্বাচনী এলাকার মধ্যে নিহত হয়েছে এটার আমি নিন্দা জানাই।’

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম, অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল হাসানসহ কলেজের শিক্ষার্থী ও কর্মচারীরা।