বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার কাছে হারের পর নাকি নতুন কোচ খুঁজছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। সেই পরাজয়ে চাকরি গেছে কোচ দরিভাল জুনিয়রের। যদিও ২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিলের কোচ নিয়োগ নিয়ে নানারকম নাটক চলছে। এর মাঝেই মুখ খুললেন ইয়ুর্গেন ক্লপ।
খ্যাতিমান জার্মান কোচ ক্লপ প্রায় এক বছর ধরে কোচিংয়ের বাইরে আছেন। তার রিয়াল মাদ্রিদ অথবা ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন আছে। তবে সেসব উড়িয়ে এই জার্মান কোচের এজেন্ট মার্ক কোসিকে বলেছেন, ক্লপ খুব দ্রুতই কোচিংয়ে ফিরছেন না। আর ফিরলেও ব্রাজিলের কোচ হওয়ার কোনো ইচ্ছাই তার নেই। এমনকী রিয়াল মাদ্রিদেরও নয়।
গতকাল শুক্রবার ‘স্কাই জার্মানি’কে কল্পের এজেন্ট বলেন, ‘আমি বুঝতে পারছি যে, ইউরোপের শীর্ষ ক্লাব ও কিছু ফেডারেশন থেকে ক্লপের খোঁজ খবর চলছে। তবে আগামী মৌসুমে প্রধান কোচের দায়িত্ব নেওয়ার কোনো ইচ্ছা তার নেই। এমনকি রিয়াল মাদ্রিদ বা ব্রাজিল জাতীয় দলেরও নয়। রেড বুলের গ্লোবাল ডিরেক্টরের ভূমিকায় ইয়ুর্গেন খুশি এবং সেখানে তার চুক্তি আছে, তাই আর কিছু বলার নেই।”
কাতার বিশ্বকাপের পর থেকেই ব্রাজিলের কোচ হওয়া নিয়ে আলোচনায় ছিলেন রিয়াল মাদ্রিদের ম্যানেজার কার্লো আনচেলত্তি। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) তার জন্য দীর্ঘদিন অপেক্ষাও করেছে। শেষ পর্যন্ত আনচেলত্তি রিয়াল না ছাড়ায় দরিভাল জুনিয়রকে কোচ বানায় ব্রাজিল। এখন চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে রিয়ালের বিদায়ের পর আনচেলত্তির চাকরি নিয়েও টানাটানি পড়ে গেছে।