আর্জেন্টিনা তো বটেই, ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা লিওনেল মেসি। তার তিন সন্তান যে ফুটবলারই হবে –তার কোনো নিশ্চয়তা নেই। তবে তিনজনেরই ফুটবলের প্রতি আগ্রহ আছে। এই বয়সেও তারা ভিন্ন ভিন্ন পজিশনে খেলাও শিখে গেছে। ছেলেদের এই ফুটবল প্রতিভা নিয়ে সম্প্রতি ‘সিম্পলি ফুটবল’ অনুষ্ঠানকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন মেসি।
আর্জেন্টাইন কিংবন্তিকে প্রশ্ন করা হয়- তিন ছেলের মধ্যে কে ভালো ফুটবল খেলে? জবাবে তিনি বলেন, ‘তারা সারা দিন বল নিয়েই থাকে। তাদের সঙ্গে আমিও উপভোগ করি। প্রতিদিন অনুশীলন করে, লড়াই করে এবং ম্যাচ খেলে। তাদের সঙ্গে থাকার সুযোগ পাওয়াটা অসাধারণ ব্যাপার। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তারা খুবই সরল। আমি যদি এখন একজনের নাম বলি পরে তারা বলবে, “তুমি কেন তার নাম বললে।” তাই নামটা আমি নিজের কাছেই রাখি। তবে তিনজনই বেশ আলাদা।’
তিন ছেলের মাঝে কার কেমন ফুটবল প্রতিভা আছে- সে বিষয়ে মেসি বলেন, ‘থিয়াগো (বড় ছেলে) চিন্তাশীল, সংগঠক এবং একজন মিডফিল্ডার। মাতেও (মেজ ছেলে) ফরোয়ার্ড, সে গোল করতে ও গোলের কাছাকাছি থাকতে পছন্দ করে এবং সে একজন বুদ্ধিমান খেলোয়াড়। চিরো (ছোট ছেলে) আরও বিস্ফোরক। সে চ্যালেঞ্জ জানাতে পছন্দ করে এবং একজন ওয়ান অন খেলোয়াড়। সে নিজের খেলা তৈরিতে বেশি আগ্রহী।’
নিজেদের বাবা যেখানে বিশ্বের সেরা, সেখানে মেসির ছেলেদের অন্য কোনো আইডল খোঁজার প্রয়োজন নেই। তবে মেসি জানালেন, তার ছেলেরা সবার খবরই রাখে, ‘তারা সব দেখে। সবাইকে জানে। তারা এমবাপ্পে, ভিনিসিয়ুস, হলান্ড, লেভানডফস্কি, লামিনের বিষয়ে কথা বলে। আশপাশের সবাইকে তারা অনুসরণ করে। তাদের মতো হতে চায় এমন না, তবে তারা সব জানে।’
‘নিজের কাছে সৎ থাকতে চাই’ -২০২৬ বিশ্বকাপ নিয়ে মেসি
‘সবকিছু জিতেছি, সব অর্জন করেছি, আর কিছু চাওয়ার নেই’
ক্রিকেটাররা অশ্লীল ছবি পাঠাতেন –দাবি লিঙ্গ পরিবর্তন করা অনয়ার