গজারিয়ায় শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মুন্সীগঞ্জের গজারিয়ায় ভাড়া বাসা থেকে জুয়েল মিয়া (২৫) নামের এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে হোসেন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের আব্দুস সালামের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। 

জানা যায়, জুয়েল মিয়া শনিবার সকালে বাসার আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তিনি সিটি ইকোনমিক জোনে ইব্রাহিম সিপ অ্যান্ড স্টিল বিল্ডার্সে ইলেক্টিশিয়ান হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছা উপজেলার মাঠচাকলা গ্রামে।  

বাড়ির মালিকের ছোট ভাই মুদি দোকানদার আব্দুল মতিন জানান, সকাল ৮টায় তার রুমের পাশ দিয়ে যাওয়ার সময় জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় ঐ যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

এ বিষয়ে গজারিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু আব্দুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদরে পাঠানো হয়েছে।