মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি গ্যালারির নাম করা হয়েছে রোহিত শর্মার নামে। রোহিত জানিয়েছেন এমন সম্মানের কথা ভাবেননি তিনি। এখন থেকে ওয়াংখেড়ের প্যাভিলিয়নের তৃতীয় তলা রোহিত শর্মার নামে পরিচিত হবে। মুম্বাই ও ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মার নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এমন সম্মান দেওয়া হয়েছে।
রোহিত বলেন, ‘এই ধরনের সম্মান পাওয়া, আপনার নামে একটি স্ট্যান্ড থাকা... এটা এমন কিছু যা আমি কল্পনাও করতে পারিনি।’ রোহিতের হাত ধরে ভারত গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। এ ছাড়া চলতি বছর তারা ঘরে নিয়েছে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাও।
অধিনায়ক হিসেবে মুম্বাই ইন্ডিয়ানসকে জিতিয়েছেন পাঁচটি আইপিএলের শিরোপাও। এছাড়া মুম্বাইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে ৪৬টি প্রথম শ্রেণির ম্যাচ, ১৭ টি লিস্ট 'এ' এবং ২৫টি টি-টোয়েন্টি খেলেছেন।
রোহিত ছাড়াও সাবেক ভারতীয় অধিনায়ক অজিত ওয়াদেকার ও প্রাক্তন বিসিসিআই সভাপতি শারদ পাওয়ারের নামেও ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি করে স্ট্যান্ড নাম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াংখেড়েতে এর আগে শচিন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার, দিলীপ ভেংসরকার এবং বিজয় মার্চেন্টের নামে স্ট্যান্ড আছে।