শিল্পখাত ও ক্যাপটিভে গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত শিল্পখাতের জন্য আত্মঘাতী হবে মন্তব্য করে এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
তিনি মনে করেন এ দাম বৃদ্ধির কারণে সকল ধরনের শিল্প প্রতিষ্ঠানগুলো সংকটে পড়বে, তেমনই নতুন উদ্যোক্তারা নিরুৎসাহিত হবেন। ভোগান্তির শিকার হবে শ্রমিকেরাও।
আজ শনিবার চেম্বারের পাঠানোর প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞপ্তিতে সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, শিল্পখাতে ও ক্যাপটিভে গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধির যে সিদ্ধান্ত এনার্জি রেগুলেটরি কমিশন- পেট্রোবাংলাসহ ৬টি গ্যাস বিতরণ কোম্পানির মাধ্যমে নিচ্ছে এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং অবাস্তব| এ সিদ্ধান্ত আমাদের শিল্পখাতের জন্য আত্মঘাতী হবে। আমরা জানি গ্যাস আমাদের খনিজ সম্পদ। এ ছাড়া শিল্পখাতের জন্য এলএনজিও আমদানি করতে হয়। আমাদের খনিজ গ্যাস এবং আমদানিকৃত গ্যাসের দাম সমন্বয় করলে সিস্টেম লসের পরও প্রতি ঘনমিটার দর আনুমানিক সর্বোচ্চ ২২ টাকার মতো মূল্য হতে পারে। এনার্জি রেগুলেটরি কমিশন বর্তমানেই ৩০ টাকা হারে প্রতি ঘনমিটার গ্যাসের দাম নিচ্ছে।
তিনি বলেন, এ দাম বৃদ্ধির ফলে শ্রমজিবী মানুষের ভোগান্তি ব্যাপক পরিমাণে বাড়বে, অন্যদিকে ব্যবসায়ী সিন্ডিকেট প্রশ্রয় পাবে। এ সিদ্ধান্তে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলো নতুন সংকটে পড়বে এবং নতুন শিল্প উদ্যোক্তাদের শিল্প কারখানা স্থাপনে অনুৎসাহী করবে| বর্তমানে গ্যাসের মূল্য বৃদ্ধির কোন প্রয়োজন আমরা মনে করছি না| আমদানিকৃত এলএনজি গ্যাসের বিবেচনা করে কিছুটা মূল্য বৃদ্ধি হতে পারে তবে সেটা অবশ্যই যৌক্তিক হওয়া চাই এবং আন্তর্জাতিক বাজারে দর কমানোর সাথে সাথে আমাদের দেশেও সেটা সমন্বয় করতে হবে|
এনার্জি রেগুলেটরি কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা গ্যাসের দাম ৩৩ শতাংশ বৃদ্ধি করলেন, একটা প্রতিষ্ঠান ৩৩ শতাংশ কি লাভ করে? তাহলে ৩৩ শতাংশ অতিরিক্ত বিল কি করে শিল্প প্রতিষ্ঠান প্রদান করবে? তাছাড়া এ বৃদ্ধির ফলে শিল্প খাতে অন্যান্য কাঁচামালসহ আরো অনেক কিছুর দাম সয়ংক্রিয় ভাবেই বৃদ্ধি হয়ে যাবে, তাহলে অবশেষে কি দাঁড়াবে? শিল্প প্রতিষ্ঠান গ্যাসের বিল দিতে পারবে না, আপনারা এসে লাইন কেটে দিবেন এবং শিল্প কারখানা অটোমেটিক বন্ধ হয়ে যাবে।
বর্তমান অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করে তিনি বলেন, কোনওভাবেই যেন গ্যাসের দাম বৃদ্ধি করা না হয়। তবে আমদানিকৃত গ্যাসের মূল্য সমন্বয়ের জন্য যৌক্তিকভাবে কিছুটা মূল্য বাড়ালেও আন্তর্জাতিক বাজারে মূল্য কমানোর সঙ্গে সঙ্গে তা সমন্বয় করার জন্য অনুরোধ করেন তিনি।