বাড়ি ফেরার পথে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে ব্যাগ ছিনতাই

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪১ এএম

মানিকগঞ্জের হরিরামপুরে বাড়ি ফেরার পথে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে তার সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত মনোরঞ্জন কর্মকার উপজেলার লেছড়াগঞ্জ বাজারের স্বর্ণ ব্যবসায়ী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও কলেজশিক্ষক রাসেল মিয়া জানান, লেছড়াগঞ্জ বাজারে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে যাত্রাপুর গ্রামের নুর আলমের বাড়ির সামনে দুর্বৃত্তরা মনোরঞ্জন কর্মকারের ওপর হামলা চালায়। এ সময় তাকে আঘাত করে তার সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয় তারা। পরে ঘটনাস্থলের রক্তের দাগ ও একটি কাঠের লাঠি দেখা যায়। তবে কী ধরনের অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মনোরঞ্জন কর্মকারকে উদ্ধার করে প্রথমে হরিরামপুর ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার অসীম সরকার বলেন, মনোরঞ্জন কর্মকারের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার মাথায় একাধিক সেলাই দেওয়া হয়েছে। সিটিস্ক্যানসহ উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বর্তমানে মনোরঞ্জন কর্মকার গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার সঙ্গে থাকা ব্যাগে টাকা বা স্বর্ণালংকার ছিল কি না এবং থাকলে কী পরিমাণ ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

হরিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) শেখ ফারুক বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় নিজের বাড়ির প্রায় ৩০০ গজ আগে মনোরঞ্জন কর্মকারের ওপর হামলা চালানো হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগটি নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে প্রাথমিকভাবে জানা গেছে, ব্যাগে কোনো স্বর্ণ ছিল না। ঘটনাস্থলে রক্তের দাগ এবং একটি নারিকেল গাছের বাইগরা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, স্বর্ণ ব্যবসায়ীর ওপর হামলা ও ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত