শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী পারাপারের সময় নৌকা ডুবিতে নিখোঁজ দশম শ্রেণীর ছাত্র জোবায়ের হোসেনের লাশ উদ্ধার করেছে ডুবুরীরা। 

শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার ভোলাবো এলাকায় নিখোঁজের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত জোবায়ের হোসেন রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে অধ্যায়নরত ছিলেন।

জানা যায়, শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টারদিকে জোবায়ের হোসেন তার বন্ধু সায়েম, সিয়াম ও রাব্বি একটি ছোট নৌকা যোগে দাউদপুর খেয়া ঘাট থেকে ভোলাবো এলাকায় আসার জন্য উঠে। নৌকাটি নদীর মাঝামাঝি ভোলাবো ক্যাপিটাল ম্যারিনার সামনে পানিতে ডুবে যায়। এ সময় সাতার কেটে সায়েম, সিয়াম ও রাব্বি নদীর তীরে উঠতে পারলেও নিখোঁজ ছিল জোবায়ের হোসেন।  শনিবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে জুবায়ের হোসেনের মরদেহ উদ্ধার করে। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।