‘শক্তিশালী’ জিম্বাবুয়ের সামনে কাঁপছে বাংলাদেশ!

এতদিন সবাই জানত, বাংলাদেশের ক্রিকেটারদের ফর্ম ফেরাতে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ আয়োজন করা হয়। তবে সিলেটে সেই ধারণা বদলে দিচ্ছে খর্বশক্তির দলটি। স্বাগতিক বাংলাদেশকেই তারা নাকানি চুবানি খাওয়াচ্ছে। পরিস্থিতি এমন যে, দেড়শ রানের আগেই পড়ে গেছে ৭ উইকেট। প্রথম দিনেই অল-আউট হলে অবাক হওয়ার কিছু থাকবে না!

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩১ রানেই পতনের শুরু। সাদমান ইসলাম আউট হন ১২ রানে। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ১৪ রান করেই নিজের দায়িত্ব শেষ করেন। দুজনকেই ফিরিয়েছেন ভিক্টর নিয়াউচি। তিনে নেমেই মুজরাবানির বলে জীবন পেয়েছিলেন মুমিনুল হক। পরে তিনি ১০৫ বলে ৫৬ রানের ইনিংস খেলে ওয়েলিংটন মাসাকাদজার শিকার হন।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যেন আর ফর্মের দেখা পাচ্ছেনই না। উইকেটে সেট হয়েও ৬৯ বলে ৪০ রান করেই থামেন তিনি। মাঝে আকাশ মেঘলা হয়ে আসে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে খেলায় বিঘ্ন ঘটে বারবার। বাংলাদেশও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। এই সিরিজ দিয়েই হয়তো মুশফিকুর রহিমের শেষের শুরুটা হলো। দলের সিনিয়র এই ব্যাটার ফিরেছেন মাত্র ৪ রানে। এছাড়া মেহেদী মিরাজ (১), তাইজুল ইসলাম (৩) কেউই ভরসা দিতে পারেননি।