কক্সবাজারের উখিয়ায় চাকমা তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ৯ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তেলাখোলা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন।
আটক ছৈয়দুল ইসলাম (২৮) উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের বাসিন্দা সুলতান আহমদের ছেলে। ভুক্তভোগী তরুণী (৩৩) উখিয়ার বাসিন্দা।
স্থানীয়দের বরাতে পালংখালী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, সকালে পালংখালী ইউনিয়নের তেলখোলা চাকমা পাড়ার এক তরুণী স্থানীয় একটি কলাবাগানে কাজ করতে যাচ্ছিল। এসময় বুলেরঝিরি নামক নির্জন পাহাড়ী এলাকায় রোহিঙ্গা যুবক ওই তরুণীকে একা পেয়ে পেছন থেকে ঝাপটাইয়া ধরে। এতে ওই তরুণীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। পরে ওই তরুণীর মুখ চেপে ধরে জোরপূর্বক পার্শ্ববর্তী কলাবাগানে নিয়ে যায়। একপর্যায়ে চাকমা তরুণীকে ধর্ষণচেষ্টার জন্য ধস্তাধস্তি হয়। এতে ওই তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রোহিঙ্গা যুবক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে স্থানীয়রা ওই যুবককে আটক করে।
স্থানীয় এ ইউপি সদস্য বলেন, ঘটনার ব্যাপারে স্থানীয়রা আমাকে অবহিত করলে পুলিশ খবর দেওয়া হয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ধৃত রোহিঙ্গা যুবককে থানায় নিয়ে যায়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, সকালে উখিয়ার তেলখোলা এলাকায় জনৈক চাকমা তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক রোহিঙ্গা যুবককে স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আটক যুবককে থানায় নিয়ে আসে।
তিনি জানান, ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।