বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার মামলায় আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ব অনুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন।
আজ রবিবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করেন।
রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, ডিএমপি কমিশনার, ডিবি প্রধান, সিআইডি প্রধান, এসবি প্রধানকে বিবাদী করা হয়েছে। আইনজীবী জসিমউদ্দিন আশা করছেন চলতি সপ্তাহে এটির ওপর শুনানি হতে পারে।
তিনি বলেন, সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি লাগবে এমন বিধানকে অসাংবিধানিক ঘোষণা করে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই রায় থাকাবস্থায় পুলিশ সদর দপ্তরের এমন আদেশ অবৈধ।
তিনি আরও বলেন, কোনও ফৌজদারি মামলা হওয়ার পর যদি কোনও ব্যক্তি নির্দোষ হন তাহলে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার বিধান সিআরপিসিতে রয়েছে। কিন্তু এ ধরনের আদেশ বিদ্যমান আইনকে পাশ কাটিয়ে করা হয়েছে, যা করার কোনও সুযোগ নাই।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত ১০ এপ্রিল বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় আসামি গ্রেপ্তারের আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে আদেশ জারি করে।