রিভিউ নিয়ে আরভিনকে ফিরিয়ে লাঞ্চে নাহিদরা

জিম্বাবুয়ের ইনিংসে জমতে থাকা জুটি ভাঙলেন নাহিদ রানা। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে এনে দিলেন স্বস্তি।

ব্যাক অব আ লেন্থ ডেলিভারিটি ছুঁয়ে গিয়েছিল ক্রেগ আরভিনের ব্যাটের কানায়। যদিও ব্যাট সরিয়ে নিতে চেয়েছিলেন তিনি, কিন্তু ততক্ষণে অনেক দেরি। বাংলাদেশি ফিল্ডারদের হালকা আবেদনেও প্রথমে না করেন আম্পায়ার।

তবে আস্থার জায়গা তৈরি করেছিলেন নাজমুল হোসেন শান্ত। নিয়ে নেন রিভিউ। আল্ট্রাএজে ধরা পড়ে স্পষ্ট স্পাইক—ব্যাটে বলের স্পর্শ। সিদ্ধান্ত বদলায়, ফিরে যান অভিজ্ঞ আরভিন।

রিভিউয়ে বোঝা যায় আরভিনের ব্যাটে লেগেছে বল

এ উইকেটটি ছিল নাহিদ রানার তৃতীয়। তার সুনিপুণ বোলিংয়ে ভেঙে যায় জিম্বাবুয়ের ৪১ রানের জুটি। বাংলাদেশের জন্য আসে স্বস্তির নিঃশ্বাস।

এই জুটি ভেঙেই মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। বিরতিতে যাওয়ার আগে ৪ উইকেট হারিয়ে ১৩৩ রান করেছে সফরকারীরা। নাহিদ রানা তিনটি ও হাসান মাহমুদ একটি। সবগুলো উইকেটই আদায় হয়েছে আজ প্রথম সেশনে। 

আজ প্রথম সেশনে ক্যাচের রেকর্ডে মেহেদী হাসান মিরাজকে ছাড়িয়ে গেলেন মুমিনুল হক। নাহিদ রানার লাফিয়ে ওঠা ডেলিভারিতে শর্ট লেগে বেন কারানের ক্যাচ নিলেন মুমিনুল হক। জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ভাঙার পাশাপাশি রেকর্ডও গড়লেন অভিজ্ঞ ক্রিকেটার। টেস্ট ক্রিকেটে মুমিনুলের এটি ৪১তম ক্যাচ। যা বাংলাদেশের সর্বোচ্চ। এত দিন ৪০ ক্যাচ নিয়ে শীর্ষে ছিলেন মেহেদী হাসান মিরাজ। দুজনই এখনও খেলছেন। তাই সামনের দিনগুলোতে হয়তো বারবার হাতবদল ঘটবে এই রেকর্ডের।