ফিক্সিং তদন্তের মাঝেই টেকনিক্যাল কমিটির পদ ছাড়লেন মনি

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১১:৫৯ এএম

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সাম্প্রতিক দুটি আলোচিত ঘটনার তদন্তে নিযুক্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন চিফ আম্পায়ার্স কোচ এনামুল হক মনি। গত ১৮ এপ্রিল সিসিডিএম চেয়ারম্যান বরাবর পাঠানো এক চিঠিতে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জানান তিনি।

ডিপিএলে হাইভোল্টেজ আবাহনী-মোহামেডান ম্যাচে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে অশোভন আচরণ করার দায়ে মোহামেডান অধিনায়ক তাওহীদ হৃদয়কে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়। অন্যদিকে গুলশান-শাইনপুকুর ম্যাচে শাইনপুকুরের দুই ক্রিকেটার মিনহাজুল আবেদীন সাব্বির ও রহিম আহমেদের স্বেচ্ছায় আউট হওয়ার ঘটনাটি ঘিরে উঠেছে স্পট ফিক্সিংয়ের গুঞ্জন।

এই দুটি ঘটনাই তদন্তের দায়িত্ব পড়ে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) গঠিত টেকনিক্যাল কমিটির ওপর। এনামুল হক মনিকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের ওই কমিটির অন্য দুই সদস্য ছিলেন ম্যাচ রেফারি সেলিম শাহেদ এবং আম্পায়ার্স কমিটির ইনচার্জ আভি আবদুল্লাহ নোমান।

তবে তদন্ত এখনো শেষ না হতেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান মনি, যা বিস্ময় সৃষ্টি করেছে ক্রিকেট মহলে। বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

তিনি বলেন, ‘সিসিডিএম টেকনিক্যাল কমিটি গঠনের জন্য আমাদের দৃষ্টি আকর্ষণ করলে আমরা তিনজনকে মনোনীত করে নাম পাঠিয়ে দিই। তারা তদন্ত করে আইন অনুযায়ী সুপারিশ দেবে। কিন্তু একটি ঘটনার পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার আগেই কমিটির আহ্বায়ক পদত্যাগ করেন—এটা সত্যিই বিস্ময়কর। শারীরিক কিংবা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলে সেটা গ্রহণযোগ্য হতো। তবে উনি তো বিসিবির বেতনভুক্ত। দায়িত্ব পালনের ব্যাপারে এটা মাথায় রাখা উচিত ছিল।’

এনামুল হক মনি এখনো তার পদত্যাগের বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে তার এই আকস্মিক সিদ্ধান্ত তদন্ত কার্যক্রমে প্রভাব ফেলবে কিনা—সে প্রশ্ন উঠেছে ক্রিকেট সংশ্লিষ্ট মহলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত