চার দিনের সফরে দিল্লি পৌঁছালেন জেডি ভ্যান্স

চার দিনের সফরে দিল্লি পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সোমবার সকালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পালাম। মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে স্ত্রী ঊষা ভ্যান্সও রয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটি দিল্লি সেনানিবাসের পালাম টেকনিক্যাল এরিয়ায় অবতরণ করে। আগামী বৃহস্পতিবার তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হবেন।

জানা গেছে, জেডি ভ্যান্সের সঙ্গে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। এ সময় দুই নেতা দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি চূড়ান্তকরণ এবং ভারত-মার্কিন সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ সময় উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।  

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর জেডি ভ্যান্সের এটিই প্রথম ভারত সফর। এই সফরে তার সঙ্গে পাঁচ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও রয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরটি গত ১৩ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের সময়ে দেওয়া দুই দেশের যৌথ বিবৃতির প্রতিফলন।