পোপ ফ্রান্সিসের মরদেহ সোমবার রাত ৮টা (গ্রিনিচ মান সময় ৬টা) থেকে পোপের আবাসস্থল সেন্ট মার্তা আবাসনের চ্যাপেলে রাখা হবে। আজ সোমবার ভ্যাটিকান সিটি থেকে এএফপি এক বিবৃতিতে এই তথ্য জানায়।
বিবৃতিতে ভ্যাটিকান বলেছে, সোমবার স্থানীয় সময় রাত ৮টায় পবিত্র রোমান চার্চের ক্যামেরলেনগো কার্ডিনাল কেভিন জোসেফ ফ্যারেল মৃত্যুসনদ যাচাই ও মরদেহ কফিনে রাখার ধর্মীয় আনুষ্ঠানিকতা পরিচালনা করবেন।
এর আগে সোমবার ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। ফেব্রুয়ারি মাসে ব্রঙ্কাইটিসের কারণে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং নিউমোনিয়ার কারণে তাকে ভেন্টিলেটর সাপোর্ট নিতে হয়।
ক্যাথলিক চার্চের প্রথম লাতিন আমেরিকান পোপ হিসেবে, ফ্রান্সিস তার ১২ বছরের দায়িত্বে গির্জার সংস্কার, অন্তর্ভুক্তি এবং দয়ার ওপর জোর দিয়েছিলেন। তিনি গরিব ও প্রান্তিক জনগণের পক্ষে কাজ করে গেছেন এবং ঐতিহ্যগত রক্ষণশীল মতাদর্শের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।