আজ পোপ ফ্রান্সিসের শেষকৃত্য, যোগ দেবেন বিশ্বনেতারা

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১২:৪৯ পিএম

বিশ্ব নেতৃবৃন্দ, ক্যাথলিক কর্মকর্তাগণ এবং সারা বিশ্ব থেকে জমায়েত হওয়া শোকাহত হাজার হাজার মানুষ আজ শনিবার সেন্ট পিটার্স স্কোয়ারে পোপের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে অনেক সরকার প্রধান ও রাজ পরিবার তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন।

এর মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার, প্রিন্স উইলিয়াম, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ এবং রানি লেটিজিয়া, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যেই ভ্যাটিকান পৌঁছেছেন।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের অনেকেই যোগ দেবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর আজকের এ শেষকৃত্য অনুষ্ঠানটিতেই বিশ্ব নেতাদের উল্লেখযোগ্য জমায়েত ঘটবে। বৈশ্বিক অনেক ইস্যুতে বিভিন্ন সময়ে মতামত দেওয়া নিয়ে বিশ্ব নেতাদের অনেকের সঙ্গে পোপের মতবিরোধ হয়েছে। তাদের মধ্যেও কয়েকজন তার শেষকৃত্যে যোগ দিচ্ছেন।

ব্যাসিলিকার দিকে মুখ করে স্কোয়ারের ডান দিকে বসবেন অতিথিরা। সেখানে আর্জেন্টিনা ও ইটালির সরকার প্রধানরা সামনের সাড়িতে বসবেন। ফরাসি ভাষার বর্ণমালার ক্রমানুসারে সরকার প্রধানরা এই অনুষ্ঠানে আসন গ্রহণ করবেন।

রাজা চার্লসের পক্ষ থেকে প্রিন্স উইলিয়াম অনুষ্ঠানে যোগ দেবেন। ২০০৫ সালে পোপ জন পলের শেষকৃত্যে রাণী এলিজাবেথের পক্ষ থেকে তখনকার প্রিন্স অফ ওয়েলস হিসেবে বর্তমান রাজা যোগ দিয়েছিলেন।

বিশ্বে ক্যাথলিকদের সবচেয়ে বড় জনগোষ্ঠীর বাস হলো ব্রাজিলে। দশ কোটিরও বেশি ক্যাথলিক সেখানে বাস করে। দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা ও ফার্স্ট লেডি জানজা লুলা ডা সিলভা শেষকৃত্যে যোগ দিবেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া পোপের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এটাই হবে তার প্রথম বিদেশ সফর। পোপের মৃত্যুর খবর পেয়ে তিনি ফেডারেল ও রাজ্য পতাকা অর্ধনমিত করার নির্দেশ দিয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত