চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্থানীয় বিএনপির দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলা হাসপাতালের মোড় ও কালা বিবি দিঘির মোড় এলাকায় এ সংঘর্ষ হয়। এতে উপজেলার বারশত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য ও ব্যবসায়ী আবদুল গফুরসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
সূত্র জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। সংঘর্ষের সময় গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন স্থানীয়রা। এদিকে গুলিসহ হাতেনাতে আটক করে মো.সুজন নামের এক যুবককে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, একটি পক্ষ রাতে গাড়ি বহর নিয়ে শোডাউন দেওয়ার সময় উশৃঙ্খল স্লোগান দিচ্ছিল। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাদের প্রতিহত করতে গেলে সংঘর্ষ বাধে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, বিএনপির দুইপক্ষের সংঘর্ষের ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। তবে থানায় কেউ অভিযোগ করেনি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।