উখিয়ায় সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত

কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় রাজাপালং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন মুন্সি নিহত হয়েছেন।

মঙ্গলবার ( ২২ এপ্রিল)  বিকাল সাড়ে তিনটার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক ) রাজাপালং ইউনিয়নের কাশিয়ারবিল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন। 

নিহত মোহাম্মদ মহিউদ্দিন ওরফে মহিউদ্দিন মুন্সি (৬০) উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার মৃত মকবুল আহমেদ এর ছেলে। 

তবে আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি। 

স্থানীয়দের বরাতে আরিফ হোছাইন বলেন, বিকালে উখিয়া স্টেশন থেকে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মহিউদ্দিন মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন। পরে তিনি কাশিয়ারবিল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি দুমড়ে মুচড়ে পড়ে গিয়ে ৪ জন আহত হয়।  

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে।

নিহতের লাশ উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানান তিনি।