রিমান্ড শেষে আরসা প্রধান আতাউল্লাহসহ ৫ সহযোগী কারাগারে

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৫:১২ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার নাশকতার মামলায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীসহ পাঁচজনকে ৮দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদলত। মঙ্গলবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ, মোস্তাক আহমেদ, সলিমুল্লাহ, আসমতউল্লাহ ও হাসান। তারা সকলেই মিয়ানমারের বিভিন্ন এলাকার বাসিন্দা। আতাউল্লাহ ছাড়া বাকিরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। তাদের সাথে সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসিক এলাকার বাসিন্দা মনিরুজ্জামান রয়েছে।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, সিদ্ধিরগঞ্জ থানার নাশকতার মামলায় গত ১৩ এপ্রিল ১০ দিনের রিমান্ড চেয়ে আতাউল্লাহ ও তার পাঁচ সহযোগীকে আদালতে আনা হলে শুনানি শেষে বিচারক আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

গত ১৭ মার্চ ভোরে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার বাড়িতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে র‌্যাব-১১। পরে সিদ্ধিরগঞ্জ থানায় দুটি মামলা হয়। আতাউল্লাহ বিরুদ্ধে ৯টি হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত