সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরলেন মোদি

ভারত-শাসিত জম্মু-কাশ্মিরের অনন্তনাগ বিভাগের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হামলার পর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় তিনি উচ্চপর্যায়ের কমিটির সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবারের এই হামলাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম প্রাণঘাতী বেসামরিক হামলা হিসেবে বিবেচনা করছে ভারতীয় কর্তৃপক্ষ। হামলার খবর পাওয়ার পর মোদি নির্ধারিত সূচির আগেই বুধবার সকালে নয়াদিল্লিতে পৌঁছান। তার সৌদি সফর মূলত বুধবার রাতে শেষ হওয়ার কথা থাকলেও কাশ্মিরের ঘটনার পর তা আগেভাগেই সমাপ্ত করা হয়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সৌদি রাজপ্রাসাদে গিয়ে মোদির সফর সংক্ষিপ্ত হওয়ার কারণ ব্যাখ্যা করেন।  

সৌদি আরবে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সুহেল আজাজ খান জানান, কাশ্মিরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার বিষয়ে আলোচনা হয়েছে এবং সৌদি যুবরাজ এ হামলার নিন্দা জানিয়েছেন। সন্ত্রাসবিরোধী সহযোগিতায় ভারত ও সৌদি আরব একসাথে কাজ করছে।

এদিকে মোদি আজ দিল্লিতে ‘ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি’র জরুরি বৈঠকে সভাপতিত্ব করবেন বলে জানা গেছে। বৈঠকে কাশ্মিরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।