সিলেট টেস্টে প্রকৃতির বিরূপ আচরণ চলছেই। আলোকস্বল্পতায় গতকাল তৃতীয় দিনের খেলা আগেভাগেই শেষ হয়ে গিয়েছিল। চতুর্থ দিনের সকালেও বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হচ্ছে। আজ বুধবার সকালে সিলেটে তুমুল বৃষ্টি হয়েছে। এখন অবশ্য বৃষ্টি নেই। তবে ৯টা ৪৫ মিনিটে খেলা শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি।
দুই দলই মাঠে এসেছে। নিজ নিজ ডাগ-আউটের সামনে ওয়ার্ম আপ করছেন ক্রিকেটাররা। মাঠকর্মীরা মাঠ প্রস্তুতে ব্যস্ত আছেন। আম্পায়াররা মাঠ পরিদর্শন করার পর জানা যাবে, কখন শুরু হবে খেলা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, বেলা ১১টায় শুরু হবে খেলা। দুপুর ১টা পর্যন্ত প্রথম সেশনের খেলা হবে। বিকেল ৫টা ৪৫ পর্যন্ত চলবে তৃতীয় সেশনের খেলা।
প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা দ্বিতীয়বারে অনেকটাই কাটিয়ে উঠেছে বাংলাদেশ। ম্যাচ জয়ের জন্য এখন জিম্বাবুয়ের সামনে ৩০০ রানের চ্যালেঞ্জ দিতে চায় তারা। ৪ উইকেটে ১৯৪ রান নিয়ে নতুন দিনের খেলা শুরু করবে স্বাগতিকরা। তাদের লিড এখন ১১২ রানের। নাজমুল হোসেন শান্ত ৬০ ও জাকের আলি ২১ রানে অপরাজিত।