ঝিনাইদ‌হে ট্রাক চাপায় নৈশপ্রহরী নিহত

ঝিনাইদহ শহরে ট্রাকের চাকায় পিষ্ট হ‌য়ে বাদল মোল্লা (৫২) নামের এক ব্য‌ক্তি নিহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) সকালে শহরের হামদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাদল মোল্লা পেশায় একজন নৈশপ্রহরী। তি‌নি সদর উপজেলার ছোট কামারকুন্ডু উত্তর পাড়া গ্রামের মোকছেদ আলীর ছেলে। তি‌নি আলহেরা স্কুল মোড় এলাকার মা‌র্কে‌টে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন।

স্থানীয়রা জানান, বুধবার সকালে দায়িত্ব পালনের এক পর্যা‌য়ে বাদল মোল্লা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় য‌শো‌রের দিক থেকে আসা ঝিনাইদহ শহরগামী দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। ফ‌লে ঘটনাস্থলেই মারা যান বাদল।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন এর তথ্য নিশ্চিত করে জানান, বাদলের লাশ ময়নাতদ‌ন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল ম‌র্গে রাখা হ‌য়ে‌ছে। ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।