লোকেশ রাহুলের দ্রুততম পাঁচ হাজার রানের রেকর্ড

আইপিএলে দারুণ এক রেকর্ড গড়লেন লোকেশ রাহুল। ফর্মের তুঙ্গে থাকা দিল্লি ক্যাপিটালসের এই উইকেটকিপার ব্যাটার গতকাল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে আইপিএলে দ্রুততম পাঁচ হাজার রানের রেকর্ড গড়েছেন। ম্যাচটি ৮ উইকেটে জিতে নিয়েছে রাহুলের দল।

আইপিএলে ১৩০ ইনিংস খেলে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন রাহুল। এতদিন এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নারের। বিস্ফোরক এই ওপেনারের পাঁচ হাজার রান করতে লেগেছিল ১৩৫ ইনিংস। গতকাল ৪২ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলার পথে তাকে টপকে যান রাহুল।

এই তালিকায় পরের তিনটি স্থানে আছেন যথাক্রমে বিরাট কোহলি (১৫৭ ইনিংস), এবি ডি ভিলিয়ার্স (১৬১ ইনিংস) ও শিখর ধাওয়ান (১৬৮ ইনিংস)। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৩২ বছর বয়সী রাহুল আছেন এখন আট নম্বরে আছেন। এই ফ্র্যাঞ্চাইজি লিগে তার ৪টি সেঞ্চুরির সাথে ৫০টি ফিফটি আছে।

উল্লেখ্য, গত নভেম্বরের মেগা নিলামে রাহুলকে ১৪ কোটি রুপিতে দলে নেয় দিল্লি। চলতি আসরে এখন পর্যন্ত ৭ ইনিংসে ৬৪.৬০ গড় ও ১৫৩.৮১ স্ট্রাইক রেটে ৩২৩ রান করেছেন রাহুল। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৯৩।  এর আগে তিনি বেঙ্গালুরু, হায়দরাবাদ, পাঞ্জাব কিংস এবং লক্ষ্ণৌর জার্সিতে আইপিএল খেলেছেন।