নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় আমির হোসেন নামে এক অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ভোরে রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের মাহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় অ্যাম্বুলেন্সে থাকা ৫ জন আহত হন।
নিহত আমির হোসেন শরিয়তপুরে নড়িয়া থানাধীন পাচক এলাকার নুরুল হকের ছেলে।
ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহানুর আলী জানান, রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের মাহনা এলাকায় সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে অ্যাম্বুলেন্সটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি। ঘটনাস্থলেই মারা যায় চালক আমির হোসেন। এসময় অ্যাম্বুলেন্সে থাকা হাবিবুল্লাহ, আছমা ও রুবিয়াসহ ৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্বার করে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী শিরিনা আক্তার রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। মরদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।