নেত্রকোনার কলমাকান্দায় গলায় প্লাস্টিকের (নাইলন) রশি প্যাঁচানো অবস্থায় ইতি রানী দাস (৩৩) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার মনতলা (উব্দাখালী) ব্রিজ সংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ইতি রানী উপজেলার দিনমজুর সুবল চন্দ্র দাসের স্ত্রী এবং দুই সন্তানের জননী।
নিহতের প্রতিবেশীরা জানান, ইতি রানীর পরিবার দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিল। দিনমজুর স্বামীর অনিয়মিত আয়ে সংসার চালানোও ছিল কঠিন। পারিবারিক নানা অশান্তির মধ্যে থাকতেন বলেও জানা যায়।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন হমকভ সাংবাদিকদের বলেন, মরদেহের গলায় রশি প্যাঁচানো ছিল। ঘটনাস্থলের আলামত দেখে মনে হয়েছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।