ভারত অধ্যুষিত কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। এই নৃশংস ঘটনায় হতবাক হয়ে গেছে গোটা বিশ্ব। প্রতিবাদে সরব হয়েছেন ক্রিকেটাররাও। এই হামলার পেছনে পাকিস্তানের দায় দেখছে ভারত সরকার। পাকিস্তানের সঙ্গে আলোচনা, বাণিজ্য, ক্রিকেট ও বিনোদন সবকিছুই বন্ধের দাবিও উঠেছে। তাহলে কি আর ভারত-পাকিস্তান ম্যাচ দেখা যাবে না?
এক যুগ ধরে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। শুধু আইসিসি আর এসিসির টুর্নামেন্টে তাদের লড়াই দেখা যায়। পহেলগাঁওয়ের নৃশংস সন্ত্রাসী হামলার পরে বিসিসিআই কঠোর অবস্থান নিয়েছে। এমনও হতে পারে, এখন থেকে বৈশ্বিক টুর্নামেন্টেও দুই দলের লড়াই দেখা যাবে না! যদিও ভারতীয় বোর্ডের কেউ সরাসরি এই মন্তব্য করেননি। তবে আইসিসিতে বিসিসিআইয়ের প্রভাবের কারণেই এটা সম্ভব হতে পারে।
আইসিসির টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে না খেলার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লার কাছে। 'স্পোর্টস টক'কে তিনি বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি। এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই। সরকার যে সিদ্ধান্ত নেবে, আমরা সেটির পূর্ণ সমর্থন করব। আমরা পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলি না এবং ভবিষ্যতেও খেলব না। আইসিসির টুর্নামেন্টে আমাদের বাধ্য হয়ে খেলতে হয়। কিন্তু আইসিসিও জানে কী ঘটেছে, তাই তাদেরও সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।’
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন, ‘এই শোকাবহ সময়ে পুরো ক্রিকেটবিশ্ব ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আছে। এই নৃশংস সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় ক্রিকেটাঙ্গন আজ শোকাহত। বিসিসিআইয়ের পক্ষ থেকে আমরা এই কাপুরুষোচিত আক্রমণের তীব্র নিন্দা জানাই এবং শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাই। এই কঠিন সময়ে আমরা তাদের পাশে আছি।’