টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পর থেকে ক্রমেই জমে উঠছে যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। বিশ্বের বিভিন্ন দেশ এতে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছে। ভারতের পর এবার নিউজিল্যান্ড ক্রিকেটও (এনজেডসি) এতে বিনিয়োগ করতে যাচ্ছে।
ইএসপইএনক্রিকইনফো জানিয়েছে, ২০২৭ সালে এমএলসিতে একটি দল গঠন করতে চায় নিউজিল্যান্ড ক্রিকেট। এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ট্রু নর্থ স্পোর্টসের সঙ্গে তাদের চুক্তিও সম্পন্ন হয়েছে। ২০২৭ সালে এমএলসিতে আরও দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হতে পারে। এতে টুর্নামেন্টে দলের সংখ্যা হবে ৮টি।
এনজেডসির একটি বিবৃতিতে বলা হয়েছে, ট্রু নর্থ স্পোর্টসে বিনিয়োগকারী হিসেবে আছে এনএফএলের ৪৯ইআরএস এন্টারপ্রাইজ। সুতরাং নতুন দলটির মালিকানা ভাগাভাগি করতে হবে এনজেডসিকে। তবে পরবর্তীতে আরেকটি ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগের সুযোগ থাকবে তাদের সামনে। পাশাপাশি টুর্নামেন্টের কোচিং, ম্যানেজম্যান্ট, দক্ষ কর্মী তৈরি এবং ক্রিকেট অবকাঠামো উন্নয়নে অংশ নেবে এনজেডসি।
এনজেডসির প্রধান নির্বাহী স্কট ওয়েইনিঙ্ক বলেছেন, ক্রিকেটে প্রচলিত ধারার বাইরে থেকে উপার্জনের পথ তৈরি করতেই তাদের এই সিদ্ধান্ত। তার ভাষায়, ‘গত বছরের মাঝামাঝি সময়ে আমরা একটি পাঁচ বছরের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করেছি। যাতে সম্প্রচার সত্ত্ব এবং আইসিসির তহবিলের ওপর অতি নির্ভরতা কমানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। অধিকাংশ সদস্য দেশগুলোর মতো নিউজিল্যান্ডও এই দুটি বিষয়ের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।’
তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের নিজস্ব কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট নেই। আমাদের সুপার স্ম্যাশ আছে, যা সাধারণত ক্রিকেটারদের বিকাশের প্ল্যাটফর্ম। আমরা আমাদের রাজস্বের উৎসে বৈচিত্র আনতে চাই। সম্প্রচার সত্ত্ব এবং আইসিসির তহবিল দ্রুতই চাপের মুখে পড়বে। তাই আমাদের বিকল্প বিষয়গুলো বিবেচনা করা দরকার। এর মাঝে সুপার স্ম্যাশকে বেসরকারিকরণের প্রস্তাবও আছে।’