ভারতের কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা জানিয়ে খুনের হুমকি পেয়েছেন দেশটির জাতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর। সাবেক এই বিস্ফোরক ওপেনারকে ইমেইলে হুমকি দিয়েছে ‘আইসিস কাশ্মীর’ নামে একটি সংগঠন। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে গম্ভীর।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গতকাল বুধবার দুপুরে গম্ভীরের কাছে প্রথম ইমেইল আসে। বিকেলে আসে দ্বিতীয় ইমেইল। দুটি ইমেইল বার্তায় লেখা ছিল ‘আই কিল ইউ’ বা ‘আমি তোমাকে হত্যা করব’। এরপর গম্ভীর স্থানীয় রাজেন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করেন। এর পাশাপাশি দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে গম্ভীর। চেয়েছেন পরিবারের নিরাপত্তা।
গত মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছিলেন গম্ভীর। তিনি লিখেছিলেন, ‘মৃতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। যারা এই কাজের জন্য দায়ী তাদেরকে চরম মূল্য দিতে হবে। ভারত পাল্টা আঘাত হানবেই।’
এদিকে গম্ভীরের অভিযোগ পেয়েই দ্রুত তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে ওই ইমেইল এসেছে, কারা পাঠিয়েছে, সেসব তদন্ত করে দেখা হচ্ছে। গম্ভীর এবং তার পরিবারের নিরাপত্তা বাড়ানো হবে বলেও জানা গেছে। গম্ভীর অবশ্য ২০২১ সালেও খুনের হুমকি পেয়েছিলেন। সেইসময় তিনি ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির সাংসদ ছিলেন। তবে সর্বশেষ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি।
কাশ্মীর হামলার প্রভাব পড়তে যাচ্ছে ক্রিকেটেও
৯ বছর পর যে কীর্তির পুনরাবৃত্তি করলেন রোহিত
হৃদয় কি মোহামেডানের পরের ম্যাচে নিষিদ্ধ?