ঝড়-বৃষ্টিতে স্থগিত ফাইনালের বাকি অংশ দেখা যাবে বিনা পয়সায়

ময়মনসিংহে অনুষ্ঠিত গত মঙ্গলবার বসুন্ধরা কিংস বনাম আবহনী লিমিটেডের মধ্যকার ফেডারেশন কাপ ফাইনালে হানা দিয়েছিল ঝড়-বৃষ্টি। শেষ পর্যন্ত আলোকস্বল্পতার কারণে ম্যাচ স্থগিত করা হয়। একই ভেন্যুতে আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে ফাইনালের বাকি অংশ। তবে ওইদিন ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়ার স্টেডিয়ামে ঢুকতে টিকিট লাগবে না।

আলোক স্বল্পতায় স্থগিত হওয়ার আগ পর্যন্ত অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিট শেষ হয়েছিল। দুদল ছিল ১-১ সমতায়। অতিরিক্ত সময়ের ১২ মিনিটে আবাহনীর ফরোয়ার্ড সুমন রেজাকে পেছন থেকে বাজেভাবে ফাউল করায় বসুন্ধরা কিংসের বদলী ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম সরাসরি লালকার্ড দেখেন। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে অতিরিক্ত সময়ের শেষ ১৫ মিনিটের খেলা।

ফেডারেশন কাপের বাইলজের ৭.১ নম্বর ধারায় বলা আছে, মাঠ খেলার অনুপযোগী হলে কিংবা প্রাকৃতিক দুর্যোগ অথবা আলোকস্বল্পতা দেখা দিলে রেফারি ম্যাচ স্থগিত বা পরিত্যক্ত বলে ঘোষণা করতে পারবেন। যে অবস্থায় যেভাবে এবং যেখান থেকে ম্যাচ স্থগিত হবে, এরপর ঠিক একই জায়গা থেকে আবার ম্যাচের বাকি অংশ মাঠে গড়াবে।