টিকে রইলো ব্রাদার্স, ডিপিএল থেকে বিদায় পারটেক্সের

ডু অর ডাই ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) টিকে রইলো ব্রাদার্স ইউনিয়ন। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১১৩ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতেছে গোপীবাগের ক্লাবটি। এতে এবারের মৌসুমে ডিপিএল থেকে প্রথম বিভাগে নেমে যেতে হচ্ছে পারটেক্স ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। আগামী মৌসুমে তাদের জায়গায় ডিপিএলে দেখা যাবে সিটি ক্লাব ও ঢাকা লিওপার্ডসকে।

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে জ্বলে ওঠেন আগে ব্যাটিংয়ে নামা ব্রাদার্স ইউনিয়নের দুই ওপেনার। এনে দেন ১২০ রানের জুটি। ব্যক্তিগত ৫০ রানে রানআউট হয়ে মাঠ ছাড়েন মাইশুকুর রহমান। তবে অন্যপ্রান্তে সাবলীল ছিলেন মাহফিজুল ইসলাম রবিন। তিনি আউট হন সেঞ্চুরি থেকে ২ রান দূরে থাকতে। ৯৮ রান করতে খেলেন ৯৭ বল। হাঁকান ১০টি চার ও ৫টি ছক্কা। এর পর আইচ মোল্লার ৪৮ ও মিজানুর রহমানের ৪২ রানে ভর দিয়ে ৯ উইকেটে ২৯৪ রান করে ব্রাদার্স।

বড় লক্ষ্য তাড়ায় নেমে পারটেক্সকে টানতে থাকেন উইকেটকিপার ব্যাটার আদিল। ৭৪ বল খেলে তিনি করেন ৯ চার ও ২ ছ্ক্কায় ৮৫ রান। কিন্তু এর পর দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল দুজন পারটেক্স ব্যাটসম্যান। আহরার আমিন পিয়ানের ৩৩ ও মোহাম্মদ রাকিবের ১৭ রান ছাড়া বাকি শুধু এসেছেন আর গিয়েছেন। তার ফলস্বরূপ ৩৭.১ ওভারেই ১৮১ রানে অলআউট হয়ে যায় পারটেক্স। তিনটি করে উইকেট শিকার করেন অলক কাপালি ও রাকিবুল আতিক।