শরীয়তপুরের গোসাইরহাটে জয়ন্তী নদীতে পড়ে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম। এর আগে গত বুধবার নিখোঁজের ৪ ঘণ্টা পর উপজেলার কুচাইপট্টি ইউনিয়নে পাচকাঠি এলাকার জয়ন্তী নদীর খেয়াঘাটের পাশ থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মারা যাওয়া দুই শিশু হলো মো. ইব্রাহিম (৭) ও খুকুমণি (৬)। এদের মধ্যে ইব্রাহিম ওই এলাকার আলমগীরের ছেলে ও খুকুমণি সবুজ ব্যাপারীর মেয়ে। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাইবোন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহিম ও খুকুমণির বাবা ঢাকায় শ্রমিকের কাজ করেন। পারিবারিকভাবে অসচ্ছল থাকায় শিশু দুটির মা অন্যের জমিতে মরিচ ও সয়াবিন তোলার কাজ করেন। প্রতিদিনের মতো মরিচ তোলার সময় গত বুধবার দুপুরে শিশু দুটি তাদের মায়েদের সঙ্গে নদীর পাড়ে গিয়েছিল। কোনো এক সময় খেলার ছলে নদীতে পড়ে গেলে নিখোঁজ হয় তারা। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যায় তাদের মরদেহ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন, ‘নদীতে পড়ে দুই শিশু নিখোঁজ ছিল। পরে তাদের মরদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’