কুমিল্লাতে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ আবাহনীর বিপক্ষে জয় পেলে লিগ শিরোপা জয়ের দৌঁড়ে আরও এগিয়ে যেতো মোহামেডান। এমন সমীকরণের ম্যাচে ৪২ মিনিটে লাল কার্ড দেখেন মোহামেডানের লেফট ব্যাক মাহবুব আলম। বাকি সময়ে দশ জন নিয়েও ড্র করেছে তারা। মোহামেডান-আবাহনী ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
এই ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলে শীর্ষ দুই দলের পয়েন্টের ব্যবধান চার পয়েন্টই রইলো। ১২ রাউন্ড শেষে ৩১ পয়েন্টে শীর্ষে মোহামেডান, ২৭ পয়েন্টে দুইয়ে আবাহনী।
মুন্সিগঞ্জে বসুন্ধরা কিংসের সামনে সুযোগ ছিল জয় পেয়ে পয়েন্ট টেবিলে ব্যবধান কমানোর। তবে রহমতগঞ্জ-বসুন্ধরার ম্যাচটিও গোলশূন্য ড্র হয়েছে। তাতে ২১ পয়েন্টে তিনেই রইলো বসুন্ধরা, ১৯ পয়েন্টে চারে রহমতগঞ্জ।
তবে ময়মনসিংহে ব্রাদার্স ইউনিয়ন ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। ম্যাচের ১২ মিনিটে গোল করেন জাকারিয়া দারবোয়ে। ৭৬ মিনিটে ব্যবধান বাড়ান এমফন উদোহ।