বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফান্ড বিভিন্ন ব্যাংকে সরানোর ইস্যুতে তোলপাড় চলছে দেশের ক্রিকেটে। একটি গণমাধ্যম দাবি করেছে, বিসিবি সভাপতি ফারুক আহমেদ নাকি এই টাকা সরিয়েছেন। তবে এক বিবৃতিতে বিসিবি জানায়, ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে ২৫০ কোটি টাকা উত্তোলন করে বিভিন্ন ব্যাংকে রাখা হয়েছে।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার (২৬ এপ্রিল) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিসিবির সাথে আমার কথা হয়েছে। এফডি একটা আয়ের উৎস। বিসিবির এফডিএ রেট আগে কম ছিল, এখন যেখানে রাখা হয়েছে, সেখানে রেট ১১-১২ শতাংশ। তাই ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে সরিয়ে রাখা হয়েছে।’
ক্রীড়া উপদেষ্টা আরও বলেছেন, ‘এখানে কোনো নিয়ম ভঙ্গ হয়েছে কিনা সেটা আমরা দেখব। ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে টাকা সরিয়ে ফেলা ভালোই হয়েছে। সরকারি যেকোনো প্রতিষ্ঠানকেই আমি বলব, ভালো যে ব্যাংকগুলো আছে সেখানে রাখতে।’
এর আগে বিষয়টি নিয়ে গণমাধ্যমকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, 'মোট ২৩৮ কোটি টাকা সরানো হয়েছে। আমি কোথাও নিজে সই করিনি। এখানে যা হয়েছে, তা নিয়ম মেনেই হয়েছে। সবগুলো ব্যাংকে ২-৫ শতাংশ বেশি সুদে এফডিআর করেছি। রেড জোন থেকে টাকাগুলো সরিয়ে ইয়েলো ও গ্রিন জোনে নিয়ে গিয়েছি।'
ডিপিএল শিরোপার পথে আরেক ধাপ এগোলো আবাহনী
আজই কি শিরোপা জিতবেন কেইন?