ইংল্যান্ডের কারেন ভাতৃত্রয়ের কথা তো সবার জানা। এই মুহূর্তে তিন ভাই খেলছেন তিন দেশে। বড় ভাই টম কারেন আছেন পিএসএলে, ছোট ভাই স্যাম কারেন আইপিএলে আর মেঝ ভাই বেন কারেন জিম্বাবুয়ের হয়ে বাংলাদেশের মাটিতে টেস্ট খেলছেন! তাই বাংলাদেশে বসে আইপিএল আর পিএসএলে নজর রাখছেন জিম্বাবুয়ের এই ওপেনার।
বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে তার ৭৫ বলে ৪৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন বেন কারেন। সোমবার থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টের আগে সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়, দুই ভাইয়ের খেলা দেখছেন কিনা। জবাবে বেন কারেন বলেন, ‘হ্যাঁ, খেলা দেখি। গত রাতেও তো দেখলাম। যখনই তাদের খেলা থাকে, আমি নিয়মিত দেখি।’
চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলছেন স্যাম কারেন। আর টম কারেন পিএসএল খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে। স্যাম কারেন মাঠে নামলেও টম এখনো মাঠে নামার সুযোগ পাননি। ক্রিকেট নিয়ে দুই ভাইয়ের সঙ্গে কী কথাবার্তা হয়- সে বিষয়ে বেন বলেন, ‘নিয়মিত তাদের সঙ্গে কথা হয়। বেশির ভাগ দিনই কথা বলি, বিশেষ করে ম্যাচের সময়। খোঁজখবর নেওয়াই হয়। পরিবার হিসেবে আমরা খুবই ঘনিষ্ঠ। খুব শিগগরই দেখা হবে।’
উল্লেখ্য, কারেন ভাইদের বাবা কেভিন কারেন জিম্বাবুয়ের হয়ে ১১টি ওয়ানডে খেলেছেন। তাদের দাদা প্যাট্রিক কারেন ছিলেন প্রথম শ্রেণির ক্রিকেটার। টম কারেন ও স্যাম কারেন ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করছেন। ইংল্যান্ডের হয়ে দুজন বিশ্ব চ্যাম্পিয়নও হয়েছেন। তবে বেন কারেন বেছে নিয়েছেন বাবার পথ। ২৮ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটসম্যান জিম্বাবুয়ের হয়ে এখন পর্যন্ত ৩টি টেস্ট ও ৬টি ওয়ানডে খেলেছেন।