জর্ডানে নারীদের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা

গত ১৯ এপ্রিল শনিবার জর্ডানের রাজধানী আম্মানে শুরু হয়েছে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ২০তম আসর। নারী হাফেজদের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করেন দেশটির ইসলামবিষয়ক মন্ত্রী মুহাম্মদ আল-খালায়লেহ। আন্তর্জাতিক এই কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৪৪ জন প্রতিযোগী, যারা এসেছেন ৪০টি আরব ও মুসলিম দেশ থেকে, যার মধ্যে স্বাগতিক জর্ডানের প্রতিযোগীরাও রয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইসলামবিষয়ক মন্ত্রী বলেন, ‘জর্ডান পবিত্র কোরআনের শিক্ষা বিস্তারে দৃঢ়প্রতিজ্ঞ। দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে তোলা হয়েছে কোরআনিক কেন্দ্র, আয়োজন করা হচ্ছে স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা। এসবের মাধ্যমে যুবসমাজকে কোরআনের সঙ্গে সম্পৃক্ত রাখাই আমাদের লক্ষ্য। এ প্রতিযোগিতা শুধু তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং কোরআনের শিক্ষাকে নারীদের জীবনের পথনির্দেশক হিসেবে গ্রহণের প্রতিও জোর তাগিদ দেয়।’

মন্ত্রী আল-খালায়লেহ আরও বলেন, কোরআনের সঠিক ও গভীর জ্ঞান একজন মুসলিমের আচার-আচরণে ইতিবাচক প্রভাব ফেলে। সমাজে ন্যায়বিচার, সহনশীলতা ও করুণার মতো গুণাবলি চর্চার মাধ্যমে কোরআনের শিক্ষার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে। তিনি বলেন, ‘পবিত্র কোরআন আমাদের সৎকাজে উৎসাহিত করে এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। এটি সমাজে স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় ভূমিকা রাখে।’

জর্ডানের ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের নারী বিষয়ক পরিচালক লামিস আল-হাজায়মেহ জানান, বিগত দুই দশক ধরে নিয়মিতভাবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। ১৯৯৩ সালে শুরু হওয়া হাসেমাইট কোরআন প্রতিযোগিতা আজ বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা হিসেবে পরিচিত। এর আওতায় রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন বিভাগ, যেখানে নারী ও পুরুষ উভয়েই অংশ নিতে পারেন। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রায় ৪৫ হাজার প্রতিযোগী এতে অংশ নিয়েছেন।

সূত্র : জর্ডান টাইমস