ফেনীর পরশুরামে মুহুরী নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযানে ৮ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। গতকাল শনিবার (২৬ এপ্রিল) দিনব্যাপী ফেনীর পরশুরাম মুহুরি নদীর পশ্চিম এবং পূর্ব পাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২০ লাখ টাকা।
বিজিবি সূত্র জানায়, ফেনীর পরশুরাম মুহুরি নদীর পশ্চিম ও পূর্ব পাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক ফাহমিদা হকের নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এ সময় টাস্কফোর্স অভিযানে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, দুজন ম্যাজিস্ট্রেট, বিজিবি, পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্য অংশগ্রহণ করে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক বলেন, ২০২৪ সালের এপ্রিল মাসে শাপলা ট্রেডার্সের ইজারার মেয়াদ শেষ হয়েছে। আগস্ট মাসে বন্যার পর ইজারা
স্থগিত করেছে জেলা প্রশাসন। শাপলা টেড্রার্স কোনো ইজারা পায়নি। যারা অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করেছে জেলা প্রশাসন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করবে।
ফেনীর ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধসহ সীমান্তবর্তী নদী হতে বালু উত্তোলনে ক্ষয়ক্ষতি রোধকল্পে এ অভিযান চালানো হয়। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে যেকোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসনকে সহায়তাসহ আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।