সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল সরকার পাড়া গ্রামে পরকীয়ায় বাঁধা দেওয়ার জেরে হাসি খাতুন (২১) নামের এক গৃহবধূকে স্বামী শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ হত্যার পর নিহতের স্বামী জাকারিয়া হোসেন (২৮) পলাতক রয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল সরকার পাড়া গ্রামের স্বামীর বাড়ি থেকে নিহত হাসি খাতুনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাসি খাতুন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের আবু সাঈদ ফকিরের মেয়ে।
নিহত হাসি খাতুনের মা সেলিনা খাতুন বলেন, পারিবারিকভাবে তিন বছর আগে তাদের বিয়ে হয়। এরপর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। সম্প্রতি হাসির স্বামী জাকারিয়া প্রতিবেশী এক নারীর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি হাসি জানার পর স্বামীকে এ বিষয়ে বাঁধা দেন। এ নিয়ে তাদের মধ্যে আরও চরম আকারে কলহের ঘটনা ঘটে। এরই একপর্যায়ে শনিবার (২৬ এপ্রিল) গভীর রাতে হাসি খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী জাকারিয়া।
তিনি আরও বলেন, এ ঘটনার পর প্রথমে আমাদের জানানো হয় হাসি স্ট্রোক করে মারা গেছে। পরে আমরা হাসির স্বামীর বাড়িতে গিয়ে তার গলায় আঘাতের চিহ্ন দেখতে পাই। এরপর পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে অভিযুক্ত জাকারিয়া ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে গেছে। ফলে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।