আইসক্রিমের প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার 

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আইসক্রিমের লোভ দেখিয়ে ৬ বছরের এক শিশুকে ঘাসের জমিতে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুর রহমান (৪৫) নামের এক যুবকের বিরুদ্ধে। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটে। 

এ ঘটনায় শাহজাদপুর থানা পুলিশ অভিযুক্ত আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে। শিশুটিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত আব্দুর রহমান উপজেলার মৃত আরসোপ সরকারের ছেলে। 

এলাকাবাসী জানায়, শনিবার (২৬ এপ্রিল) বিকেলে আব্দুর রহমান আইসক্রিমের লোভ দেখিয়ে একই গ্রামের ৬ বছরের এক শিশুকে ডেকে নিয়ে যায়। এরপর তাকে নির্জন এক নেপিয়ার ঘাসের জমিতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে পাশের জমিতে কর্মরত হেকমত আলী মোল্লা এগিয়ে গেলে অভিযুক্ত রহমান দৌড়ে পালিয়ে যান। এরপর শিশুটিকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 

হেকমত আলী মোল্লা জানান, চিৎকার শুনে দ্রুত ওই ঘাসের জমিতে এগিয়ে গিয়ে দেখি শিশুটিকে উলঙ্গ করে ধর্ষণের চেষ্টা করছে। আমাকে দেখেই আব্দুর রহমান দৌড়ে পালিয়ে যায়। এরপর শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

তিনি আরও জানান, আব্দুর রহমান এর আগেও বেশ কয়েকটি শিশুর সাথে এ ঘটনা ঘটিয়েছে। প্রতিবারই প্রভাবশালীদের চাপে তিনি পার পেয়ে যান।

শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আলম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে ভুক্তভোগী শিশুটিকে নিয়ে আসলে তাকে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। 

শাহজাদপুর থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, খবর পেয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে এলাকাবাসী ও শিশুটির পরিবারের সাথে কথা বলে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন। এ ঘটনায় ওই রাতেই শিশুটির বাবা বাদী হয়ে শাহজাদপুর থানায় ধর্ষণ ও নারী নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।