গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে হামলা ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় রুহুল আমিন মুসলিম জয়কে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে ফুলছড়ি উপজেলার কালিরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রুহুল আমিন জয় ফুলছড়ি উপজেলা আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি। তার বাড়ি একই উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামে। তিনি ওই গ্রামের সাবেক ইউপি সদস্য শাহ আলম ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা বেগমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান। তিনি জানান, গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে হামলা ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে রুহুল আমিন জয়ের বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলছে।
গত বছরের ২৬ আগস্ট গাইবান্ধার আওয়ামী লীগের ৩৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে সদর থানায় মামলা হয়। মামলায় রুহুল আমিন জয়সহ ১১৪ জনের নাম উল্লেখ করে এবং ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়। জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে এই মামলা হয়। জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল হাই বাদী হয়ে মামলা করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বিকেল চারটার দিকে জেলা শহরের সার্কুলার রোর্ডস্থ জেলা বিএনপির কার্যালয়ে প্রবেশ করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা বিএনপি কার্যালয়ের তালাসহ দরজা জানালা ভেঙে ভেতরের চেয়ার টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। পরে কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং ভাঙচুর করা আসবাবপত্র বাইরে বের করে সেগুলোতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়। এতে অনেক ক্ষতিসাধিত হয়।