কোনও মহামানবকে দায়িত্ব দিতে মানুষ আন্দোলন করেনি: খসরু

কোনও মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য দেশের মানুষ আন্দোলন-সংগ্রাম করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কোনও মহামানব কোনও দেশের গণতন্ত্রের সমাধান দেবে তার জন্য দেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাসের কারণ নেই।

আজ সোমবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা দলগুলোর সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আমীর খসরু বলেন, বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, যারা জনগণকে প্রতিনিধিত্ব করছে। আমাদের সঙ্গে যারা শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় লড়াই করেছে ইতোমধ্যে প্রায় ৫০টি দল পরিষ্কারভাবে ব্যক্ত করেছে ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য। পাশাপাশি সংস্কারের যেসব বিষয় বলা হয়, যেখানে ঐকমত্য হবে, সেই সংস্কারগুলো দ্রুত করে নির্বাচন কমিশনকে বলা হোক নির্বাচনের দিনক্ষণ ঠিক করে রোডম্যাপ দিয়ে নির্বাচনের দিয়ে এগিয়ে যাওয়ার জন্য।

আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি বলেন, জনগণ বলতে কারা। এখন জনগণ বলতে যদি কোনও এক বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী, যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে, জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে অথবা কোনো বিশেষ সুযোগ-সুবিধাভোগীদের মুখোমুখি করছে। এটা তো কারো না বোঝার কারণ নেই। সুতরাং ১৬ বছরের যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, জনগণের ভোটাধিকারের ফিরিয়ে আনার জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে আনার জন্য। যে সরকার জনগণের ভোটাধিকারে নির্বাচিত হবে।

এদিন বিকেল সাড়ে ৩টায় ন্যাপ ভাসানীর সঙ্গে বৈঠক করে বিএনপি। ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক উপস্থিত উপস্থিত ছিলেন। পরে বিকাল ৪টা ২০ মিনিটে আমজনতার দলের সঙ্গে বৈঠকে করে বিএনপির লিয়াজোঁ কমিটি। আমজনতার দলের আহ্বায়ক কর্নেল অব. মিয়া মশিউজ্জামানের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক উপস্থিত ছিলেন। এ ছাড়া বিকেল ৫টা ১০ মিনিটে বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা।

বিএনপির পক্ষে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।