ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১টায় রিটার্নিং অফিসার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা দিয়ে বের হবার পর আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আজ বহু বছর পর বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। অনেক ত্যাগ স্বীকার করে অনেক কষ্টের বিনিময়ে নির্বাচনে ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছে। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, সংসদ নির্বাচিত হবে, সরকার নির্বাচিত হবে। যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে। বহু বছর পর আজ বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাচ্ছে। এর চেয়ে আনন্দের বিষয় আর কিছু হতে পারেনা।
বাংলাদেশের মানুষের যে ত্যাগের বিনিময়ে আমরা আজকে যে নির্বাচনী ব্যবস্থার দিকে যাচ্ছি, গণতন্ত্রে উত্তরণের পথে যাচ্ছি, কোন ষড়যন্ত্র এ নির্বাচনের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারবে না- এটা বাংলাদেশের মানুষের আজকের আকাঙ্ক্ষা। এ আকাঙ্ক্ষার মাঝখানে যারা বাঁধা হয়ে আসবে তাদের অস্তিত্ব থাকবেনা।
এদিকে, মনোনয়ন জমা দানের শেষ দিনে আজ সোমবার চট্টগ্রামের তিন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। বিভিন্ন আসন থেকে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। প্রার্থী ছাড়াও তাদের কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতির কারণে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়গুলো ঘিরে অন্যরকম আমেজ ছড়িয়ে পড়ছে।
মান্নার আসনে শাহে আলমকে মনোনয়ন বিএনপির