জোনায়েদ সাকি

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে গণসংহতি আন্দোলন

সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অধিকতর ঐক্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে গণসংহতি আন্দোলন- এমন তথ্য জানিয়েছেন দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

আজ সোমবার এক বিবৃতিতে দলের এমন সিদ্ধান্তের কথা জানানো হয়। জাতীয় ঐক্য কমিশনের সাথে বৈঠকের পর এ বিষয়ে তৎপরতা জোরদার করতে গণসংহতি আন্দোলন সিদ্ধান্ত নিয়েছে।

জোনায়েদ সাকি বলেন, জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তাকে বাস্তবায়ন করা সমস্ত রাজনৈতিক দলের কর্তব্য এ বিষয়ে সকলেই একমত। কিন্তু সেটা কিভাবে বাস্তবায়িত হবে কোনও কোনও ক্ষেত্রে পার্থক্য কমিয়ে অধিকতর ঐক্যমত্য সৃষ্টি করা যায়, সেসব বিষয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলব।

নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, সংস্কার এবং নির্বাচন উভয়ই দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য আবশ্যক। ফলে গণতান্ত্রিক উত্তরণের যে আকাঙ্ক্ষা জনগণের ভেতরে আছে তাকে বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুততর করতে আমরা শিগগিরই অন্যান্য দলগুলোর সঙ্গে বসতে শুরু করব।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বর্তমান জাতীয় ঐক্য সৃষ্টি মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ভেতর দিয়েই বাংলাদেশ রাষ্ট্রের গণতান্ত্রিক ও মানবিক রূপান্তর সম্ভব।