রোহিঙ্গা ইস্যুতে মন্তব্যের ব্যাখ্যা দিলেন জামায়াতের নায়েবে আমির

গত ২৭ এপ্রিল বাংলাদেশ সফররত চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে বৈঠক করে জামায়াতে ইসলামী। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে রোহিঙ্গা ইস্যুতে তার মন্তব্যের পর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে আজ সোমবার বিবৃতি দিয়েছেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। বিবৃতিতে তিনি বলেন, ‘গত ২৭ এপ্রিল বাংলাদেশ সফররত চীনা কম্যুনিস্ট পার্টির সাথে বৈঠকের পর প্রেস ব্রিফিং-এ আমি যে বক্তব্য দিয়েছি তাতে মূলত বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সম্মানজনক ও নিরাপদভাবে তাদের নিজ দেশে প্রত্যাবর্তন করার ব্যবস্থা ও তাদের জন্য একটি নিরাপদ অঞ্চল গড়ে তোলার বিষয়টি বুঝাতে চেয়েছি।’

এ বক্তব্যের মাধ্যমে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হলে তা এ বিবৃতির মাধ্যমে নিরসন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এটিই বাংলাদেশ জামায়াতে ইসলামীর দৃষ্টিভঙ্গি বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। 

ওই ব্রিফিংয়ে ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, (রোহিঙ্গা ইস্যুতে) আমরা বলেছি— ফুড, ক্লোথিং এবং শেল্টার এটা কোনো সমাধান নয়। সমাধান হচ্ছে রোহিঙ্গাদেরকে তাদের নিজ ভূমিতে রিক্রিয়েট করা। সেজন্য আমরা একটি প্রস্তাবও দিয়েছি। সেটা হচ্ছে আরাকান কেন্দ্রিক রোহিঙ্গাদের যে মেজরিটি আছে, সে এরিয়াতে একটি ইন্ডিপেনডেন্ট আরাকান স্টেট করার প্রস্তাব আমরা দিয়েছি।