দেশের প্রবীণ ও অসহায় কারুশিল্পীদেরকে ভাতা প্রদানের আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম। সোনারগাঁয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে গত পহেলা বৈশাখে শুরু হওয়া পক্ষকালব্যাপী বৈশাখী মেলা ও প্রতিষ্ঠানের সুর্বণজয়ন্তী উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সোমবার বিকেলে ফাউন্ডেশনের লোকজ মঞ্চে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশন পরিচালক আরো বলেন, দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন সেক্টরে ভাতার ব্যবস্থা থাকলেও আমাদের লোক সংস্কৃতির গুরুত্বপূর্ণ শাখা কারুশিল্পীদের জন্য ভাতার ব্যবস্থা নেই। কারুশিল্পীরা এখনো বঞ্চিত। তাই প্রবীণ ও অসহায় কারুশিল্পীদের জন্য ভাতা প্রদানের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত সচিব (প্রশাসন) ফরহাদ সিদ্দিকী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা ও কবি মিহির মুসাকিন।
সমাপনী দিনে উৎসবে অংশ নেয়া কারুশিল্পীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। পরে লোকজ মঞ্চে লোক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।